কালাইনছড়া চেকগেটে লরি থেকে মদ উদ্ধার, আটক ১

Spread the news

শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ১৩ আগস্ট :
অসম-মেঘালয় সীমান্তের কাছাড়ের কালাইনছড়া পুলিশ চেকগেটে ফের বড়সড় সাফল্য পেল পুলিশ। নিয়মিত তল্লাশি অভিযানে একটি পণ্যবাহী লরি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ সন্দেহযুক্ত বিদেশি মদ। ঘটনায় লরির চালক/সরবরাহকারী হিসেবে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সূত্রে জানা গেছে, মেঘালয় থেকে বিদেশি মদ বোঝাই করে ৬ নম্বর জাতীয় সড়ক হয়ে মিজোরামের দিকে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। বৃহস্পতিবার কালাইনছড়া নাকা চেকগেটে কর্তব্যরত পুলিশকর্মীরা লরিটিতে তল্লাশি চালাতেই নজরে আসে কার্টনে ভর্তি বিপুল পরিমাণ মদের বোতল।

তল্লাশির পর লরি থেকে মোট ২৫৩ কার্টন সন্দেহযুক্ত বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর মদ বোঝাই লরি এবং আটক ব্যক্তিকে গুমড়া পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া মদ কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সীমান্তবর্তী এই রুটে অবৈধ মদ পরিবহণের বিরুদ্ধে কালাইনছড়া নাকা চেকগেটে পুলিশের তল্লাশি আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *