নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ৯ আগস্ট : সোনাই পুর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের রাঙ্গিরঘাট প্রথম খণ্ডে পানীয় জল ও বিদ্যুৎ-সহ বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগী হলেন বিধায়ক আমিনুল হক লস্কর। রবিবার বিকেলে এলাকাবাসীদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত হয়ে স্থানীয়দের বিভিন্ন সমস্যার কথা শোনেন তিনি এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। এলাকাবাসীর দীর্ঘদিনের লো-ভোল্টেজ সমস্যার কথা শুনে বিধায়ক বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এলাকায় একটি বড় ট্রান্সফরমার বসানোর ব্যবস্থা করার আশ্বাস দেন। পাশাপাশি পানীয় জলের সমস্যা সমাধানে বিধায়ক তহবিল থেকে প্রায় ৬ লক্ষ টাকা ব্যয়ে একটি মিনি পিএইচইডি প্রকল্প স্থাপনের প্রতিশ্রুতি দেন।
এছাড়াও স্থানীয় মসজিদে ওজুখানা নির্মাণ এবং আগামী দিনে পূর্ত সড়কে সোলার লাইট স্থাপনেরও আশ্বাস দেন বিধায়ক।
সভায় স্থানীয়দের পক্ষ থেকে বক্তব্য রাখতে গিয়ে ইয়াদুল হক, রমিজ উদ্দিন, ভুট্টু মিয়াসহ অন্যান্যরা বিভিন্ন সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়ায় বিধায়ককে ধন্যবাদ জানান। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাই পুর এলাকার কংগ্রেস মণ্ডল সভাপতি সাহাদত আহমেদ লস্কর, জেলা কিষাণ কংগ্রেসের সভাপতি বাবুল আহমেদ বড়ভূঁইয়া, আজির উদ্দিন, স্লিপ উদ্দিন, মস্তান আলি, একিন আলী প্রমুখ।



