বরাক তরঙ্গ, ৯ আগস্ট : গুয়াহাটির গীতানগর এলাকায় ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। টানা বৃষ্টির জেরে অনুপম পথের একটি অংশ ধসে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। রাতভর অবিরাম বৃষ্টির ফলেই এই ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে দু’টি পরিবারের বাসগৃহ।
অভিযোগ উঠেছে, জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করেই বর্ষাকালে নির্মাণকাজ চালানোর ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্ষার সময়ে নির্মাণকাজ না করার জন্য প্রশাসনের পক্ষ থেকে আগেই নির্দেশিকা জারি করা হয়েছিল। কিন্তু সেই নির্দেশ অমান্য করে গুয়াহাটি পুর নিগমের ঠিকাদার ও প্রকৌশলীরা নির্মাণকাজ চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ।
জানা গেছে, অনুপম পথের যে এলাকায় ভূমিধস হয়েছে, সেখানে একটি দেওয়াল নির্মাণের কাজ চলছিল। দেওয়ালের খুঁটি নির্মাণের জন্য ঠিকাদারি সংস্থার পক্ষ থেকে ওই এলাকায় থাকা গাছপালা ও লতাগুল্ম কেটে পরিষ্কার করা হয়েছিল। এরপরই প্রবল বৃষ্টিতে ওই অংশে ভূমিধস নামে বলে অভিযোগ।



