শিবসাগরে বন্যার্তদের পাশে বিধায়ক কিশোর নাথ, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ লক্ষ টাকার অনুদান

Spread the news

বরাক তরঙ্গ, ১ আগস্ট : উজান অসমের বন্যাকবলিত শিবসাগরে পৌঁছে দুর্গত মানুষের পাশে দাঁড়ালেন বড়খলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক কিশোর নাথ। শুক্রবার গভীর রাতে তিনি দলীয় কর্মীদের নিয়ে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নেন। বিধায়ক কিশোর নাথ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তুলে দেন। গভীর রাত পর্যন্ত চলা এই কর্মসূচির মাধ্যমে বহু দুর্গত পরিবারের কাছে জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হয়। এ সময় তিনি বন্যার্তদের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং এই দুর্যোগের সময় সর্বতোভাবে পাশে থাকার আশ্বাস দেন।

এদিকে, বন্যাদুর্গতদের সহায়তায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ লক্ষ টাকার অনুদানও প্রদান করেন বিধায়ক কিশোর নাথ। বিধায়ক কিশোর নাথ বলেন, প্রাকৃতিক দুর্যোগের সময় মানবসেবাই সবচেয়ে বড় দায়িত্ব। তিনি সমাজের সকল সক্ষম ব্যক্তি ও সংগঠনকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *