বন্যাদুর্গতদের জন্য করিমগঞ্জে এসইউসিআই-র ত্রাণ সংগ্রহ অভিযান

Spread the news

বরাক তরঙ্গ, ১ আগস্ট : উজান অসমের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে করিমগঞ্জ শহরে দুই দফায় ত্রাণ সংগ্রহ অভিযান চালিয়েছে এসইউসিআই (কমিউনিস্ট) করিমগঞ্জ জেলা কমিটি। দলীয় সূত্রে জানানো হয়েছে, গত ২৯ জুলাই এবং ১ আগস্ট শহরের বিভিন্ন এলাকায় এই ত্রাণ সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দল জানায়, উজান অসমের সাম্প্রতিক বন্যায় বিশেষভাবে শিবসাগর, জোরহাট ও চরাইদেও জেলার বিস্তীর্ণ এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রহ্মপুত্র, ঝাঁজি, ভোগদৈ ও দিখৌ নদীর জল উপচে পড়ায় বহু এলাকা প্লাবিত হয়েছে। এতে বহু মানুষের প্রাণহানি, হাজার হাজার পরিবারের ঘরবাড়ি ও সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি কৃষিজমি এবং গৃহপালিত পশুর ব্যাপক ক্ষতি হয়েছে।

এসইউসিআই (কমিউনিস্ট) দাবি করেছে, তারা ইতোমধ্যে সারা রাজ্য থেকে ত্রাণসামগ্রী সংগ্রহ করে শিবসাগর, চরাইদেও ও জোরহাট জেলার বন্যাকবলিত এলাকায় বিতরণ করেছে। করিমগঞ্জে ১ আগস্ট শিববাড়ি রোড, স্টেশন রোড, ঘাটলাইন রোড এবং রেলস্টেশন সংলগ্ন এলাকায় ত্রাণ সংগ্রহ করা হয়। এই কর্মসূচিতে ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা পাওয়া গেছে বলে দল জানিয়েছে।

একই সঙ্গে এসইউসিআই (কমিউনিস্ট)-এর অসম রাজ্য কমিটি বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছে। দাবিগুলির মধ্যে রয়েছে— বন্যাকবলিত এলাকায় এনডিআরএফ ও এসডিআরএফ-এর উদ্ধার অভিযান আরও জোরদার করা, পর্যাপ্ত খাদ্য, শিশু খাদ্য, বিশুদ্ধ পানীয় জল ও ২৪ ঘণ্টার চিকিৎসা পরিষেবা নিশ্চিত করা, বন্যায় মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান, ক্ষতিগ্রস্ত কৃষক ও পশুপালকদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসন, মহামারী প্রতিরোধে ওষুধ ও হ্যালোজেন ট্যাবলেট সরবরাহ, পশুচিকিৎসা শিবির চালু এবং অসমের পুরনো বাঁধগুলিকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্থায়ী ও নদীভাঙন-প্রতিরোধী করে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *