বরাক তরঙ্গ, ২৭ জুলাই : নগাঁও জেলার সামাগুড়িতে এক বিজেপি কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার রাতে সামাগুড়ির বাজিয়াগাঁও গ্রামে সংঘটিত এই দলবদ্ধ হামলায় গুরুতর আহত হওয়া আবুল কাসেম নামে এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
জানা গেছে, শুক্রবার রাতে একই গ্রামের ৬-৭ জন যুবকের একটি দল আবুল কাসেমের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় তিনি গুরুতর জখম হন। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত আবুল কাসেম বাজিয়াগাঁও পঞ্চায়েত এলাকার ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কর্মী ছিলেন বলে জানা গেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে বাজিয়াগাঁও এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তল্লাশি চালানো হচ্ছে।



