মদ্যপ জামাতার হাতে শ্বশুর খুন, গ্রেপ্তার

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ জুলাই : বরপেটা রোড সংলগ্ন বিলাসীপাড়া এলাকায় সংঘটিত এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, মদ্যপ অবস্থায় এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে নিজের শ্বশুরকে খুন করেছেন। নিহতের নাম কাসেম আলি। অভিযুক্ত জামাতার নাম জহর আলি (৪৫)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাত প্রায় ১টা ৩০ মিনিটে জহর আলি মদ্যপ অবস্থায় শ্বশুরের বাড়িতে এসে অশান্তি সৃষ্টি করেন। এ সময় শ্বশুর কাসেম আলি বাধা দিলে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত ধারালো অস্ত্র দিয়ে তাঁকে একাধিকবার আঘাত করেন। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই কাসেম আলির মৃত্যু হয়।

ঘটনার পর অভিযুক্ত পালানোর চেষ্টা করলে পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে আটক করে বরপেটা রোড থানার পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং অভিযুক্ত জহর আলিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ইতিমধ্যে ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল পৌঁছে বৈজ্ঞানিক তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের সন্দেহ। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্ত শেষ হলেই স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *