বরাক তরঙ্গ, ২৭ জুলাই : মেঘালয়ের পশ্চিম গারো হিলস জেলার আগুরাগ্রে গ্রামের কাছে শনিবার রাতে একটি সিমেন্টবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি আমগাছে ধাক্কা মারলে ট্রাকচালকের মৃত্যু হয় এবং আরও দুইজন আহত হন। পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।
শনিবার রাত প্রায় ৮টা ২০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে রংরাম আউটপোস্টের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। নিহত ট্রাকচালকের পরিচয় সফিকুল ইসলাম হিসেবে শনাক্ত করা হয়েছে। তিনি অসমের মানকাচরের বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার পর ট্রাকের ভেতর থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়।
এএস-২৫-ডিসি-৭৭৮৬ নম্বরের ট্রাকটি সিমেন্ট বোঝাই অবস্থায় একটি আমগাছে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার পর ট্রাকটি খাদসংলগ্ন স্থানে ঝুলন্ত অবস্থায় আটকে যায়। দুর্ঘটনায় আহত হন তুরার আনন্দমঠ এলাকার বাসিন্দা বানেরাম কোচ এবং দক্ষিণ সালমারা-মানকাচর জেলার সাজেন পারেশ। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য তুরা সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া মানকাচরের শরিফুল ইসলাম সামান্য আহত হয়ে প্রাণে রক্ষা পান।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ট্রাকটির ব্রেক বিকল হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। পুলিশ ক্ষতিগ্রস্ত ট্রাকটি জব্দ করেছে। নিহত সফিকুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য তুরা সিভিল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



