উল্টো রথে ব্যাপক উল্লাস হাইলাকান্দিতে

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ জুলাই : ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা ও ভক্তিমুখর পরিবেশে হাইলাকান্দি শহরে পালিত হলো উল্টো রথযাত্রা। শুক্রবার শহরের বিভিন্ন প্রান্তে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই ঐতিহ্যবাহী উৎসব। এবারও শহরের পাঁচটি স্থান থেকে রথযাত্রা বের হয়। আদি শিব বাড়ি, বানেশ্বর শিব মন্দির, রাধারমণ সেবাশ্রম, বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের রথ এবং হাট বার্টগঞ্জ বাজারের আখড়ার রথ উল্টো রথ উপলক্ষে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে।

রথযাত্রায় নারী-পুরুষ, শিশু থেকে প্রবীণ—সব বয়সের অসংখ্য ভক্ত অংশগ্রহণ করেন। ভক্তরা ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার জয়ধ্বনি দিতে দিতে রথের রশি টেনে ধর্মীয় ভক্তি ও ঐতিহ্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। রথকে ঘিরে শহরের সর্বত্র ছিল উৎসবের আমেজ এবং দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

উৎসব উপলক্ষে বিভিন্ন স্থানে প্রসাদ বিতরণ, ভক্তিমূলক সঙ্গীত ও কীর্তনেরও আয়োজন করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়। প্রতি বছরের মতো এবারও হাইলাকান্দির উল্টো রথযাত্রা ধর্মীয় সম্প্রীতি, ঐতিহ্য ও জনসমাগমের এক স্মরণীয় দৃষ্টান্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *