বরাক তরঙ্গ, ২৪ জুলাই : মরিগাঁও জেলার মৈরাবাড়ী বাজারে মুসলিম ছাত্র সংস্থা (মুসা)-এর উদ্যোগে কেন্দ্রীয় সরকার ও শিক্ষা বিভাগের গাফিলতির বিরুদ্ধে এক উত্তাল প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়। মুসলিম ছাত্র সংস্থা ‘সিজেপি’-র প্রতি পূর্ণ নন্তঞ্জসমর্থন জানানোর পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের তাৎক্ষণিক পদত্যাগের দাবি জানায়। শুক্রবার মৈরাবাড়ী বাজারের মধ্যে অনুষ্ঠিত প্রতিবাদে মুসার নেতৃত্বে শতাধিক প্রতিবাদকারী হাতে প্লে-কার্ড ও ব্যানার নিয়ে সরকারবিরোধী স্লোগান দেন। প্রতিবাদকারীরা “নরেন্দ্র মোদী সরকার হায় হায়”, “শিক্ষামন্ত্রী হুশিয়ার” ও “ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করুন” ইত্যাদি স্লোগান দিয়ে পরিবেশ উত্তাল করে তুলেন । প্রতিবাদস্থলে ভাষণ দিয়ে মুছার কেন্দ্রীয় সভাপতি আশিক রাব্বানী কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতির তীব্র সমালোচনা করেন।
তিনি বলেন, “কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও শিক্ষাখণ্ডের ব্যর্থতার কারণেই আজ দেশের ছাত্রসমাজ রাস্তায় নামতে বাধ্য হয়েছে।” মুছার সাধারণ সম্পাদক (প্রশাসনিক) রফিকুল ইসলাম অভিযোগ করেন যে, বর্তমান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কার্যকালে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংসের মুখে চলে গেছে এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। সরকার যদি ছাত্রছাত্রীদের দাবি দ্রুত মেনে না নেয়, তাহলে আগামী দিনে সংগঠনটি আরও তীব্র গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। এদিকে, এই প্রতিবাদী কর্মসূচিতে মুসার মরিগাঁও জেলা সভাপতি কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক আজিবুর রহমানসহ জেলা কমিটি ও মৈরাবাড়ি আঞ্চলিক কমিটির পাশাপাশি ওই অঞ্চলের বহু সংখ্যক ছাত্র ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।



