৯ আগস্ট থেকে ধলাইয়ে শুরু হচ্ছে মাতৃভূমি কাপ

Spread the news

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২৪ জুলাই :
আগামী ৯ আগস্ট থেকে ধলাই বিএনএমপি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত ‘মাতৃভূমি কাপ’ প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতা। মাতৃভূমি সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় এবার ৩২টি দল অংশ নেবে।

শুক্রবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরে সংস্থার সভাপতি সিতাংশু দাস জানান, চ্যাম্পিয়ন দল আকর্ষণীয় ট্রফির পাশাপাশি নগদ ৬০ হাজার টাকা এবং রানার্স-আপ দল ট্রফিসহ ৪০ হাজার টাকা পুরস্কার পাবে। এছাড়া প্রতিটি ম্যাচে ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কারও দেওয়া হবে।

তিনি জানান, প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী দলগুলিকে আগামী ৪ আগস্টের মধ্যে নাম নথিভুক্ত করতে হবে। প্রতিযোগিতা পরিচালনায় শিলচর জেলা ক্রীড়া সংস্থার পাশাপাশি কাছাড় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতা থাকবে।

সিতাংশু দাস বলেন, অংশগ্রহণের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ নেই। তবে স্থানীয় দল ও খেলোয়াড়দের বেশি সংখ্যায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি জানান, সাংসদ পরিমল শুক্লবৈদ্যের উদ্যোগে ধলাই বিএনএমপি স্কুলের খেলার মাঠের ব্যাপক উন্নয়ন হয়েছে। বর্তমানে প্রায় পাঁচ হাজার দর্শক বসে খেলা উপভোগ করতে পারবেন। এ জন্য তিনি সাংসদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আয়োজকদের দাবি, প্রতিষ্ঠার পর থেকেই মাতৃভূমি সামাজিক সংস্থা নিয়মিত এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে ‘মাতৃভূমি কাপ’ ধলাই বিধানসভা এলাকার অন্যতম জনপ্রিয় ফুটবল টুর্নামেন্টে পরিণত হয়েছে। এবারও প্রতিটি ম্যাচে বিপুল দর্শকসমাগম হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি চপল কুমার দাস ও শঙ্কর ভট্টাচার্য, সম্পাদক অসুক দাস, ক্রীড়া সম্পাদক পিংকু বর্মনসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা। প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ক্রীড়া সম্পাদক পিংকু বর্মনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *