লায়লাপুরে বিপুল মাদক উদ্ধার, গ্রেফতার ২

Spread the news

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২৪ জুলাই:
অসম–মিজোরাম সীমান্তবর্তী লায়লাপুরে মাদকের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন হেরোইন, গাঁজা, বিদেশি সিগারেট ও নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টের ইনচার্জ শুভজিৎ দত্তের নেতৃত্বে সাদা পোশাকের একটি বিশেষ দল গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী ফরেস্ট গেট এলাকায় অভিযান চালায়। অভিযানে মনির উদ্দিন লস্কর ও কমরুল ইসলাম মজুমদারের ব্যবসায়িক প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে ৫টি সাবানের কৌটা ও ৪১টি ছোট প্লাস্টিকের পাত্র থেকে মোট ৮৬.৮১ গ্রাম সন্দেহভাজন হেরোইন, ৩৪১.৬ গ্রাম গাঁজা, ১,০৬০টি (৫৩ প্যাকেট) বিদেশি সিগারেট এবং নগদ ১,৬২০ টাকা উদ্ধার করা হয়। স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিধান অনুযায়ী উদ্ধার হওয়া সব সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশের দাবি, সীমান্তবর্তী এই এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক পাচার ও নেশাজাতীয় দ্রব্যের অবৈধ কারবারের অভিযোগ উঠছিল। স্থানীয়দের অভিযোগ, অঞ্চলটি মাদক কারবারিদের নিরাপদ ঘাঁটিতে পরিণত হচ্ছিল। সেই প্রেক্ষাপটে পুলিশের এই অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ধলাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরমেশ্বর কুয়ার জানান, মাদক পাচার ও অবৈধ নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে পুলিশের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে চলবে। সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। গ্রেফতার দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *