নিউ হারাঙ্গাজাওয়ে রেলপথে ভূমিধস, গুয়াহাটি–শিলচর–গুয়াহাটি এক্সপ্রেস বাতিল

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ জুলাই : টানা বর্ষণের জেরে ডিমা হাসাও জেলার নিউ হারাঙ্গাজাও রেলস্টেশনের কাছে রেলপথে বড় ধরনের ভূমিধসের ঘটনা ঘটেছে। এর ফলে লামডিং–বদরপুর পাহাড় লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে উত্তর-পূর্ব সীমান্ত রেল ২৪ ও ২৫ জুলাই চলাচলকারী ১৫৬১৫ গুয়াহাটি–শিলচর এক্সপ্রেস এবং ১৫৬১৬ শিলচর–গুয়াহাটি এক্সপ্রেস বাতিল করেছে।

রেল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে নিউ হারাঙ্গাজাও স্টেশনের ১১৮/১–৩ কিলোমিটার অংশে প্রায় ২০০ মিটার এলাকাজুড়ে ১ ও ২ নম্বর লাইনের নিচের মাটি ধসে পড়ে। এতে রেললাইনের ভিত্তি দুর্বল হয়ে পড়ে এবং দুটি লাইনই বেঁকে যাওয়ায় সেখানে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ফলে ওই দুই লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

বর্তমানে শুধুমাত্র ৩ নম্বর লাইন দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ১০ কিলোমিটার গতিবেগে ট্রেন চলাচল করানো হচ্ছে। এর জেরে একাধিক যাত্রীবাহী ও মালবাহী ট্রেন বিলম্বে চলাচল করছে।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের প্রকৌশল বিভাগ ক্ষতিগ্রস্ত অংশে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু করেছে। মাটি ভরাট, রেলপথের ভিত্তি শক্তিশালী করা এবং লাইন পুনর্বিন্যাসের কাজ চলছে। তবে পাহাড়ি এলাকায় প্রতিকূল আবহাওয়ার কারণে সম্পূর্ণ স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হতে আরও তিন থেকে চার দিন সময় লাগতে পারে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।

রেলের শীর্ষ আধিকারিকরা পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছেন। যত দ্রুত সম্ভব রেল পরিষেবা স্বাভাবিক করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের সর্বশেষ অবস্থা যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *