বরাক তরঙ্গ, ২৪ জুলাই : দিল্লিসহ দেশের বিভিন্ন প্রান্তে ছাত্রছাত্রীদের দাবিকে কেন্দ্র করে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে শুক্রবার গুয়াহাটিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও) এবং অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশন (এআইডিওয়াইও)। এআইডিএসও’র কেন্দ্রীয় কাউন্সিলের দেশব্যাপী সংহতি দিবস পালনের আহ্বানে সাড়া দিয়ে শহরের ভলবো পয়েন্টে যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) বিলুপ্তি এবং বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন।
সেখানে বক্তব্য রাখেন এআইডিএসও’র রাজ্য সম্পাদক হেমন্ত পেগু এবং এআইডিওয়াইও’র রাজ্য সম্পাদক বিরিঞ্চি পেগু। বক্তারা অভিযোগ করেন, নিট, জেইইসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বহু শিক্ষার্থী চরম হতাশায় ভুগেছেন এবং ২০ জনেরও বেশি ছাত্র-ছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এর পর থেকেই শিক্ষার্থী ও সাধারণ নাগরিকরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এনটিএ বিলুপ্তি এবং দোষীদের শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছেন।
তাদের দাবি, আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়লেও কেন্দ্রীয় সরকার শিক্ষার্থীদের উদ্বেগ ও ক্ষোভকে গুরুত্ব দিচ্ছে না। বরং আন্দোলন দমনে পুলিশি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। পাশাপাশি, সরকার কোচিং বাণিজ্যের স্বার্থ রক্ষা করছে বলেও দাবি তোলেন বক্তারা। বিক্ষোভস্থল থেকে দেশব্যাপী চলমান ছাত্র আন্দোলনকে আরও শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।



