২৪ জুলাই : স্বাস্থ্যগত কারণ দেখিয়ে বাংলাদেশের ২২তম প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে নিজের স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দেন। সংবিধান অনুযায়ী পদত্যাগপত্র গ্রহণের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন।
শুক্রবার বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্পিকার এ তথ্য জানান। তিনি বলেন, সংবিধানের ৫০ অনুচ্ছেদের ৩ দফা অনুযায়ী বিকেল ৫টা ১ মিনিটে প্রেসিডেন্ট তাঁর পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র গ্রহণের পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। পাশাপাশি পদত্যাগপত্রটি জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
স্পিকার জানান, পদত্যাগপত্রে প্রেসিডেন্ট উল্লেখ করেছেন যে তিনি গুরুতর অসুস্থ। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি-সংক্রান্ত জটিলতায় ভুগছেন। এছাড়া তাঁর বাইপাস সার্জারি হয়েছে এবং সম্প্রতি অটোনমিক নিউরোপ্যাথি রোগ ধরা পড়েছে, যার ফলে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। এসব শারীরিক জটিলতা ও দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজনীয়তার কারণে সাংবিধানিক দায়িত্ব পালন করা তাঁর পক্ষে আর সম্ভব নয় বলে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংবিধান অনুযায়ী স্পিকার হিসেবে শপথ গ্রহণের সময়ই প্রয়োজনে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালনের শপথও অন্তর্ভুক্ত থাকে। তিনি আরও জানান, প্রেসিডেন্টের পদত্যাগ নিয়ে যে জল্পনা চলছিল, তা এখন পরিষ্কার হয়েছে। প্রেসিডেন্ট সম্পূর্ণ স্বাস্থ্যগত কারণেই পদত্যাগ করেছেন। এ সময় তিনি প্রাক্তন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের দ্রুত সুস্থতা ও মঙ্গল কামনা করেন।
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ২০২৩ সালের ২৪ এপ্রিল শপথ গ্রহণ করেছিলেন তিনি।


