সামান্য বৃষ্টিতেই ভেঙে পড়ল খেরুয়াখাল সেতুর অ্যাপ্রোচ, পশ্চিম কাটিগড়ায় চরম দুর্ভোগে হাজারো মানুষ

Spread the news

এস পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২৪ জুলাই :
টানা দু’দিনের মাঝারি থেকে ভারী বৃষ্টিতেই কাছাড় জেলার পশ্চিম কাটিগড়ার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কুশিয়ারকুল-নাতানপুর সংযোগকারী সড়কের উপর অবস্থিত খেরুয়াখাল সেতুর অ্যাপ্রোচ ধসে পড়েছে। এতে এলাকার কয়েক হাজার মানুষের স্বাভাবিক যাতায়াত কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন।

স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই সেতুর অ্যাপ্রোচ ভেঙে পড়ার ঘটনা নির্মাণ কাজের মান নিয়ে একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে। সেতুটি দীর্ঘদিন ধরে ওই অঞ্চলের মানুষের একমাত্র নির্ভরযোগ্য যোগাযোগ ব্যবস্থা হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। কিন্তু অ্যাপ্রোচের বড় অংশ ধসে পড়ায় বর্তমানে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে।

এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া না হলে অব্যাহত বৃষ্টিপাতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। পাশাপাশি স্কুল-কলেজের পড়ুয়া এবং প্রতিদিন যাতায়াতকারী সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি কুশিয়ারকুল, নাতানপুর সহ সীমান্তবর্তী একাধিক গ্রামের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পথ বিচ্ছিন্ন হয়ে পড়লে বিকল্প যোগাযোগ ব্যবস্থা প্রায় নেই বললেই চলে। ফলে নিত্যপ্রয়োজনীয় কাজ, চিকিৎসা, শিক্ষা এবং কৃষিপণ্য পরিবহন – সব ক্ষেত্রেই মারাত্মক সমস্যার সৃষ্টি হয়েছে।

এই পরিস্থিতিতে অবিলম্বে ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করে স্থায়ী সমাধানের দাবি তুলেছেন এলাকার মানুষ। তাঁদের আবেদন, কাছাড়ের জেলা আয়ুক্ত, পূর্ত (PWD) বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, কাটিগড়ার বিধায়ক, জেলা পরিষদের সদস্য সহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে জরুরি ভিত্তিতে মেরামতের ব্যবস্থা গ্রহণ করুন, যাতে আরও বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায় এবং সাধারণ মানুষের দুর্ভোগের অবসান ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *