ভিবিজিওয়র ফাউন্ডেশনের উদ্যোগে রংপুরে চারদিনব্যাপী মিউরাল কর্মশালার সূচনা

Spread the news

বরাক তরঙ্গ, ২২ জুলাই : ভাঙ্গারপারের ভিবিজিওয়র ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার রংপুরের স্প্রিংডেইলস পাবলিক স্কুলে ছাত্র-ছাত্রীদের জন্য চারদিনব্যাপী দেওয়ালঅঙ্কন (মিউরাল) কর্মশালার শুভ সূচনা হয়েছে। এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা কাজে লাগিয়ে বিদ্যালয়ের অভ্যন্তরীণ ও বহিরাংশের দেয়ালকে রঙিন, শিক্ষামূলক ও সংস্কৃতিনির্ভর চিত্রকর্মে সাজিয়ে তুলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিবিজিওয়র ফাউন্ডেশনের চেয়ারম্যান কমলেশ সেন, সম্পাদক শংকর নাথ, আলী হোসেন বড়ভূইয়া, জয়নাল আবেদিন বড়ভূইয়া এবং বিলাল আহমেদ। এছাড়াও স্প্রিংডেইলস পাবলিক স্কুলের সহ-পাঠ্য কার্যক্রমের তত্ত্বাবধায়ক লুৎফুর রহমান লস্কর, শিক্ষক স্মারক আদিত্য, দেবরতি ভট্টাচার্য, কুঞ্জলি বর্মন, পঙ্কজ শর্মাসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা স্থানীয় সংস্কৃতি, পরিবেশ সংরক্ষণ, বিজ্ঞানমনস্কতা এবং শ্রেণিকক্ষভিত্তিক ইতিবাচক বার্তা তুলে ধরে বিভিন্ন মিউরাল অঙ্কন করবে। এর মাধ্যমে তাদের শিল্পচর্চার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও দলগতভাবে কাজ করার দক্ষতারও বিকাশ ঘটবে।

ভিবিজিওয়র ফাউন্ডেশনের চেয়ারম্যান কমলেশ সেন বলেন, “শিক্ষার সঙ্গে সৃজনশীলতার সমন্বয় ঘটাতে পারলে শিশুরা শুধু শিল্পকলাই নয়, সমাজ সচেতনতা ও দলবদ্ধভাবে কাজ করার মানসিকতাও গড়ে তুলতে পারে। আমাদের লক্ষ্য, বিদ্যালয়ের দেয়ালগুলোও যেন শিক্ষার একটি কার্যকর মাধ্যম হয়ে ওঠে।”

আয়োজকদের মতে, কর্মশালার প্রতিদিনই থাকবে বিশেষ প্রশিক্ষণ, প্রয়োজনীয় রং ও সরঞ্জাম সরবরাহ এবং অভিজ্ঞ শিল্পীদের সরাসরি তত্ত্বাবধান। কর্মশালার সমাপনী দিনে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের তৈরি মিউরাল প্রদর্শনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে সেরা অংশগ্রহণকারীদের সম্মাননা প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *