বরাক তরঙ্গ, ২২ জুলাই : সংসদের গ্রীষ্মকালীন অধিবেশনের প্রথম দিনেই শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করে শিলচর লোকসভা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রেল-সংক্রান্ত দাবি ও উন্নয়নমূলক প্রস্তাব তুলে ধরেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন বিজেপি অসম প্রদেশ সভাপতি তথা সাংসদ দিলীপ শৈকিয়া এবং রাজ্যের অন্যান্য সাংসদরা।
বৈঠকে পরিমল শুক্লবৈদ্য শিলচর ও দক্ষিণ-পূর্ব আসামের যাত্রীদের দীর্ঘদিনের দাবি তুলে ধরে শিলচর–দিল্লি নতুন রাজধানী এক্সপ্রেস চালুর আবেদন জানান। পাশাপাশি বেঙ্গালুরুর সঙ্গে আরও রেল পরিষেবা চালু, বিকল্প লামডিং–শিলচর রেলপথ প্রকল্পে দ্রুত কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন, ডেমু পরিষেবা চালু এবং শিলচর–গুয়াহাটি ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনে এলএইচবি কোচ সংযোজনের দাবিও জানান তিনি।
সাংসদের বক্তব্য, এসব প্রকল্প বাস্তবায়িত হলে বরাক উপত্যকা ও দক্ষিণ-পূর্ব আসামের রেল যোগাযোগ আরও উন্নত হবে এবং যাত্রীদের যাতায়াত অনেক সহজ হবে।
বৈঠকে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রস্তাবগুলি মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট দাবিগুলি সরকারি প্রক্রিয়া অনুযায়ী বিবেচনা করে জনস্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।



