দুই দিনে কাছাড় পুলিশের বড় সাফল্য, বিপুল মাদক ও ইউরিয়া সার উদ্ধার; গ্রেপ্তার ১৩

Spread the news


বিশ্বজিৎ আচার্য ও রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ জুলাই : গত দু’দিনে কাছাড় জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক মাদকবিরোধী ও চোরাচালানবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কাছাড় পুলিশ। জেলার সাতটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ সন্দেহভাজন হেরোইন, ইয়াবা ট্যাবলেট, গাঁজা এবং ভারত ইউরিয়া সার উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানে মোট ৩৪টি সাবানের কৌটা ও ২৬টি ভায়ালে রাখা ৪০২.৯০ গ্রাম সন্দেহভাজন হেরোইন, ২৪ হাজার সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট (প্রায় ২.৬৩৯ কেজি), ২.১১৩ কেজি সন্দেহভাজন গাঁজা এবং ১,০৫০ বস্তা ভারত ইউরিয়া সার উদ্ধার করা হয়েছে।
অভিযানগুলির মধ্যে কচুদরম থানা এলাকায় ১০টি সাবানের কৌটায় রাখা ১১৯.১১ গ্রাম সন্দেহভাজন হেরোইন ও একটি মোবাইল ফোন উদ্ধার করে একজনকে গ্রেপ্তার করা হয়। ধলাই থানার এলাকায় একটি অটোরিকশা থেকে ৪৯ গ্রাম হেরোইন উদ্ধার করে একজনকে আটক করা হয়। শিলচরের আশ্রম রোড এলাকা থেকে ২.১১৩ কেজি সন্দেহভাজন গাঁজা উদ্ধার করে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া শিলচর বাইপাস এলাকা থেকে ২৬টি ভায়ালে রাখা সন্দেহভাজন হেরোইন উদ্ধার করে একজনকে আটক করা হয়। জিরিঘাট থানা এলাকায় একটি মোটরসাইকেল থেকে ২০টি সাবানের কৌটায় রাখা ২৩৪ গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, শিলচর থানার অধীন একটি ওয়াগনআর (নম্বর: AS-11C-4461) গাড়ি থেকে ২৪ হাজার সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গাড়িটির পাশাপাশি চারটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, অভিযানে একটি ওয়াগনআর গাড়ি, একটি অটোরিকশা, একটি মোটরসাইকেল, দুটি ট্রাক এবং মোট পাঁচটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ১৩ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

মাদক ও অবৈধ পাচারের বিরুদ্ধে কাছাড় পুলিশের এই ধারাবাহিক অভিযানকে বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *