এনআরসি থেকে বাদ পড়াদের আপিল প্রক্রিয়া শুরু করার দাবিতে কেন্দ্র-অসম সরকারকে নোটিশ সুপ্রিম কোর্টের

Spread the news

২১ জুলাই : অসমে প্রকাশিত চূড়ান্ত জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) থেকে বাদ পড়া ব্যক্তিদের জন্য আপিল প্রক্রিয়া অবিলম্বে শুরু করার নির্দেশ চেয়ে দায়ের হওয়া এক আবেদনের ভিত্তিতে মঙ্গলবার কেন্দ্র সরকার, অসম সরকার-সহ সংশ্লিষ্ট পক্ষগুলিকে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট।

প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল এম. পাঁচোলির বেঞ্চ অসম স্টেট জমিয়ত উলামার দায়ের করা আবেদনটির শুনানি করে। আবেদনকারীর আইনজীবী আদালতে জানান, এনআরসি থেকে বাদ পড়া বহু মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন।

তিনি বলেন, “এনআরসি থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের জন্য আইনে আপিলের সুযোগ থাকলেও বাস্তবে সেই প্রক্রিয়া এখনও শুরু হয়নি।” একই বিষয়ে একটি পৃথক আবেদনও সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে বলেও তিনি আদালতকে জানান।

শুনানি শেষে বেঞ্চ কেন্দ্র সরকার, অসম সরকার এবং এনআরসি-র রাজ্য সমন্বয়কারীর দপ্তর-সহ সংশ্লিষ্ট পক্ষগুলির কাছে জবাব তলব করে। পাশাপাশি, এই আবেদনটিকে একই বিষয়ে বিচারাধীন অন্য মামলার সঙ্গে যুক্ত করার নির্দেশ দেয় আদালত।

উল্লেখ্য, ২০১৯ সালের ৩১ আগস্ট অসমের হালনাগাদ চূড়ান্ত এনআরসি প্রকাশিত হয়। এই তালিকায় ৩.৩ কোটি আবেদনকারীর মধ্যে প্রায় ৩.১ কোটি মানুষের নাম অন্তর্ভুক্ত হলেও, ১৯ লক্ষ ৬ হাজারেরও বেশি আবেদনকারীর নাম বাদ পড়ে। এনআরসি-র রাজ্য সমন্বয়কারীর দপ্তরের তথ্য অনুযায়ী, মোট ১৯.০৬ লক্ষ মানুষের নাগরিকত্বের দাবি চূড়ান্ত তালিকায় স্থান পায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *