বরাক তরঙ্গ, ২০ জুলাই : নাগাল্যান্ডে টানা ভারী বৃষ্টির জেরে রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা ও ভূমিধসের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। মোকোকচুং জেলায় চুচুইমলাং ও উঙ্গের গ্রামের মধ্যবর্তী জাতীয় সড়ক-২-এর একটি বড় অংশ ধসে পড়ায় ওই পথে সব ধরনের যান চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে প্রশাসন।
অন্যদিকে, ফেক জেলায় তিজু নদীর জল বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় চেপোকেটা গ্রামের বিস্তীর্ণ ধানক্ষেত নদীগর্ভে বিলীন হয়েছে। এতে কৃষকদের ব্যাপক ফসলহানির আশঙ্কা দেখা দিয়েছে এবং বহু কৃষক পরিবারের জীবিকা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
রাজ্যজুড়ে ভারী বৃষ্টি অব্যাহত থাকায় নাগাল্যান্ড স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। পাশাপাশি, ভূমিধসপ্রবণ এলাকা এড়িয়ে চলা এবং জেলা প্রশাসনের জারি করা নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।



