গায়ানার উপকূলে ১৩৩ আরোহী নিয়ে ফেরিডুবি, জীবিত উদ্ধার ৬৭

Spread the news

২০ জুলাই : দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার উপকূলে ১৩৩ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী ফেরি ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর এখন পর্যন্ত ৬৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে কোস্ট গার্ড, সরকারি উদ্ধারকারী দল এবং বেসরকারি নৌযানের সহায়তায় অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৫ জন শিশু রয়েছে। শনিবার রাজধানী জর্জটাউন থেকে পোর্ট কাইতুমার উদ্দেশে ছেড়ে যাওয়া এমভি বারিমা (MV Barima) ফেরিটি আয়রন পন্ট এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে। ফেরিটিতে ১১৬ জন যাত্রী এবং ১৭ জন ক্রু সদস্য ছিলেন।

স্থানীয় সময় রাত ১১টা ১ মিনিটে জরুরি সংকেত পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। গায়ানার জনপথমন্ত্রী হুয়ান এডগিল বলেছেন, ফেরিতে থাকা প্রত্যেকের সন্ধান পাওয়ার বিষয়ে তারা আশাবাদী। উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে এবং সম্ভাব্য সব এলাকায় অনুসন্ধান চালানো হচ্ছে।

প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস জানান, উদ্ধার হওয়াদের মধ্যে ৪১ জন পুরুষ, ১১ জন নারী এবং ফেরিটির ক্যাপ্টেন রয়েছেন। তিনি বলেন, প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর ক্যাপ্টেন আবারও উদ্ধার অভিযানে অংশ নিতে ঘটনাস্থলে ফিরে গেছেন। কর্তৃপক্ষের দাবি, দুর্ঘটনার সময় ফেরিটি নির্ধারিত ধারণক্ষমতার মধ্যেই চলাচল করছিল। ৩০০ জনের বেশি যাত্রী বহনের অনুমোদন থাকলেও দুর্ঘটনার সময় এতে মোট ১৩৩ জন আরোহী ছিলেন। উদ্ধার অভিযান শেষ হলে যাত্রীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি নিখোঁজদের স্বজনদের সহায়তায় একটি বিশেষ তথ্য ও সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানায়, এমভি বারিমায় ২৫০টি লাইফ জ্যাকেট, দুটি শক্ত কাঠামোর লাইফক্রাফট এবং ছয়টি ফোলানো যায় এমন লাইফক্রাফট ছিল। ১৯৩৯ সালে নির্মিত ৪০ মিটার দীর্ঘ এই ফেরিটি দীর্ঘদিন ধরে যাত্রী পরিবহনে ব্যবহৃত হয়ে আসছে। তথ্যসূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *