বরাক তরঙ্গ, ১৮ জুলাই : বড়খলা বিধানসভা এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। শনিবার জারইলতলা বাজার থেকে দুর্গাপুর পর্যন্ত ২.৭৮ কিলোমিটার দীর্ঘ নতুন সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বড়খলার বিধায়ক কিশোর নাথ। প্রায় ৩ কোটি ৪৫ লক্ষ ২৫ হাজার টাকা ব্যয়ে পূর্ত বিভাগের তত্ত্বাবধানে এই সড়ক নির্মাণের কাজ বাস্তবায়িত হবে।
শিলান্যাস অনুষ্ঠানে পূর্ত বিভাগের এসডিও জেকব রহমান, জুনিয়র ইঞ্জিনিয়ার নির্মলেন্দু বর্মন, স্থানীয় জনপ্রতিনিধি, বিজেপির কর্মকর্তা-কর্মী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কিশোর নাথ বলেন, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যজুড়ে উন্নয়নের যে ধারা শুরু হয়েছে, তার সুফল বড়খলাও পাচ্ছে। তিনি জানান, এই সড়ক প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধান হবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আসবে।
বিধায়ক আরও জানান, বড়খলা বিধানসভা এলাকায় শিগগিরই আরও একাধিক গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ প্রকল্পের শিলান্যাস করা হবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে জারইলতলা বাজার থেকে দুর্গাপুর সড়কের উন্নয়নের দাবি ছিল। প্রকল্পটি বাস্তবায়িত হলে যাতায়াত আরও সহজ, নিরাপদ ও দ্রুত হবে এবং এলাকার সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে বলে তাঁদের আশা।



