১৮ জুলাই : যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ইরানের বিভিন্ন প্রদেশে অন্তত ৩৮ জন নিহত এবং ৪০০ জনের বেশি আহত হয়েছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে। তেহরানের দাবি, হামলায় দেশের একাধিক বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে তিনজন নারী এবং ১৮ বছরের কম বয়সী একজন রয়েছেন। আহতদের মধ্যে ৪৭ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ইরানের দাবি, হামলায় সেতু, বিদ্যুৎ অবকাঠামো এবং চাবাহার শহরের শহীদ কালান্তারি বন্দরের সামুদ্রিক নিয়ন্ত্রণ টাওয়ারসহ বিভিন্ন বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত হরমোজগান, বুশেহর, সিস্তান ও বেলুচিস্তান, খুজেস্তান এবং লোরেস্তান প্রদেশে একাধিক দফায় হামলা চালানো হয়।
প্রেস টিভির দাবি, হামলায় চাবাহারের শহীদ কালান্তারি বন্দরের সামুদ্রিক নিয়ন্ত্রণ টাওয়ার ধ্বংস হলেও জেটি, পণ্য ওঠানো-নামানোর সুবিধা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো অক্ষত রয়েছে। বন্দরের ভেতরে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি বলে জানিয়েছে তারা।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, চাবাহারে অবস্থিত শহীদ কালান্তারি বন্দরের নজরদারি টাওয়ার সফলভাবে ধ্বংস করা হয়েছে। তাদের দাবি, টাওয়ারটি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ওমান উপসাগর এবং হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ পর্যবেক্ষণে ব্যবহার করত।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, হামলার পর কারিগরি ও পরিচালনাসংক্রান্ত দল ক্ষয়ক্ষতির পর্যালোচনা শুরু করেছে। নিরাপত্তা পরীক্ষা শেষে বন্দরের কার্যক্রম স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে
হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি হরমোজগান প্রদেশ। স্থানীয় কর্মকর্তাদের ভাষ্য, খামির কাউন্টির অন্তত ছয়টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রদেশটিতে সাতজন নিহত এবং আরও নয়জন আহত হয়েছেন। হামলার কারণে বন্দর আব্বাস, বন্দর খামির ও লার শহরের মধ্যে সড়ক যোগাযোগও ব্যাহত হয়েছে।
এ ছাড়া বন্দর আব্বাসের একটি আবাসিক এলাকায় হামলায় একজন নিহত এবং আটজন আহত হয়েছেন। একই শহরের একটি রেলওয়ে শাখা স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে অন্তত দুজন আহত হওয়ার তথ্য দিয়েছে স্থানীয় প্রশাসন।
বুশেহর প্রদেশের গভর্নর মোহাম্মদ মোজাফফারি জানিয়েছেন, কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি হামলার ঘটনা ঘটেছে, যাতে একজন আহত হয়েছেন। খুজেস্তান প্রদেশের উপ-গভর্নর ভালিওল্লাহ হায়াতি বলেন, আহভাজের আশপাশেও হামলা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও মূল্যায়ন করা হচ্ছে।
খবর : দৈনিক ইনকিলাব পত্রিকা ডিজিটাল।



