বরাক তরঙ্গ, ১৬ জুলাই : অসম বিধানসভার উন্নয়ন (এইচ) বিভাগ-সম্পর্কিত স্থায়ী কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ভবেশ কলিতার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের চলমান উন্নয়নমূলক প্রকল্প, প্রশাসনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
বৈঠকে সেচ, পশুপালন ও পশুচিকিৎসা, শ্রমকল্যাণ, চিকিৎসা শিক্ষা ও গবেষণা, নির্বাচন, সংসদীয় বিষয়ক এবং কর্মীবর্গ (পার্সোনেল) বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব, বিশেষ মুখ্য সচিব ও সচিবরা নিজ নিজ বিভাগের কাজের অগ্রগতি, বাজেট বাস্তবায়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
কমিটির সদস্যরা সরকারি প্রকল্প নির্ধারিত সময়ে সম্পন্ন করা, জনসাধারণের কাছে উন্নত পরিষেবা পৌঁছে দেওয়া এবং প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। বৈঠকে বরাক উপত্যকার একমাত্র সদস্য ও দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরীও উপস্থিত ছিলেন।
সভাপতি ভবেশ কলিতা বলেন, জনকল্যাণমূলক প্রকল্পের বাস্তবায়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা এবং নির্ধারিত সময়ে উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা স্থায়ী কমিটির অন্যতম দায়িত্ব। তিনি উন্নয়ন কর্মসূচির গুণগত মান বজায় রাখার ওপরও জোর দেন।
বৈঠক শেষে বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী জানান, কমিটির সুপারিশ বাস্তবায়িত হলে উন্নয়ন প্রকল্পগুলির গতি আরও বাড়বে এবং সাধারণ মানুষ দ্রুত সরকারি প্রকল্পের সুফল পাবেন। তাঁর কথায়, বিভিন্ন বিভাগের সঙ্গে খোলামেলা আলোচনায় প্রকল্প বাস্তবায়নের সমস্যা ও সমাধানের পথ নিয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়েছে, যা ভবিষ্যতের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।



