কুলিকাউন (ঙাইজেল) পাহাড়ধসে যান ও পথচারী চলাচলে নিষেধাজ্ঞা

Spread the news

বরাক তরঙ্গ, ১১ জুলাই : আইজল জেলার কুলিকাউন (ঙাইজেল) এলাকায় অব্যাহত পাথরধসের আশঙ্কায় সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় সব ধরনের যানবাহন ও পথচারীর চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। শনিবার আইজলের জেলা শাসক তথা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (District Disaster Management Authority) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার লালহ্রিয়াতপুইয়া এক নির্দেশ জারি করে জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুলিকাউন (ঙাইজেল) এলাকায় কোনও ব্যক্তি বা কোনও ধরনের যানবাহনের চলাচল অনুমোদিত হবে না। নির্দেশ কার্যকর করতে পুলিশ ও ট্রাফিক পুলিশকে এলাকায় কঠোর নজরদারি ও দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষজ্ঞ দল একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছে যে, পাহাড়ে এখনও বিপজ্জনক অবস্থায় ঝুলে থাকা বড় বড় পাথর রয়েছে এবং যেকোনও সময় তা ধসে পড়তে পারে। এই পরিস্থিতিতে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এছাড়া প্রশাসন সতর্ক করে জানিয়েছে, এই নির্দেশ অমান্য করলে দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০০৫-এর ধারা ৫১(বি) অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে জরিমানা ও কারাদণ্ড—উভয় ধরনের শাস্তির বিধানও প্রযোজ্য হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *