বরাক তরঙ্গ, ১১ জুলাই : রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৪০-এর অন্তর্গত রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের ৯ম ইনস্টলেশন অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় সদরঘাট রোডের নীর ব্যাঙ্কুয়েট হল, বরাক ভিউ রেসিডেন্সিতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২০২৬-২৭ রোটারি বর্ষের জন্য নবনির্বাচিত সভাপতি রোটারিয়ান মনোজ কুমার জৈনের নেতৃত্বে নতুন পরিচালন সমিতি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে। সম্পাদক হিসেবে দায়িত্ব নেন রোটারিয়ান রোহন যাদব এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন রোটারিয়ান সোম্যজিৎ বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান শুভাশিস চট্টোপাধ্যায় (ডিআরএফসি, RID-3240)। বিশেষ অতিথি ছিলেন অ্যাসিস্ট্যান্ট গভর্নর (জোন-১৫) রোটারীয়ান ড. অমিত কালওয়ার। এছাড়া বিভিন্ন রোটারি ক্লাবের পদাধিকারী, সদস্য, সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থেকে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানান।
বিদায়ী সভাপতি ডাঃ রজত দেব তাঁর বক্তব্যে জানান, ২০২৫-২৬ রোটারি বর্ষে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ, মানবিক সহায়তা, যুব উন্নয়ন ও জনকল্যাণসহ বিভিন্ন ক্ষেত্রে ক্লাবের উদ্যোগে মোট ২৪২টি সমাজসেবামূলক প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছে। এই সাফল্যের কৃতিত্ব তিনি ক্লাবের সকল সদস্য, পদাধিকারী ও শুভানুধ্যায়ীদের উৎসর্গ করেন। একই সঙ্গে সমাজসেবায় বিশেষ অবদান রাখা একাধিক সদস্য ও কর্মকর্তার হাতে সম্মাননা স্মারকও তুলে দেন তিনি।

নবনিযুক্ত সভাপতি মনোজ কুমার জৈন বলেন, নতুন রোটারি বর্ষে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, নারী ও শিশু কল্যাণ, যুব নেতৃত্ব বিকাশ এবং মানবসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। রোটারি ইন্টারন্যাশনালের চলতি বছরের থিম “Create Lasting Impact”-কে সামনে রেখে সমাজের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ইনস্টলেশন চেয়ারম্যান রোটারিয়ান বুধমল বৈদ। পরে নবনিযুক্ত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে নৈশভোজ ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
২০২৬-২৭ বর্ষের উল্লেখযোগ্য পদাধিকারীরা হলেন: সভাপতি মনোজ কুমার জৈন, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট ডাঃ রজত দেব, সহ-সভাপতি মূলচাঁদ বৈদ ও দিলীপ বিনায়কিয়া, সম্পাদক রোহন যাদব, কোষাধ্যক্ষ সোম্যজিৎ বিশ্বাস, প্রেসিডেন্ট-ইলেক্ট ললিত ভার্মা, এডিটর দেবজ্যোতি ঘোষ, সার্জেন্ট-অ্যাট-আর্মস মৃত্যুঞ্জয় শর্মা এবং যুগ্ম সম্পাদক মঙ্গলালজি সুরানা ও প্রকাশ চাঁদ পুগালিয়া। এছাড়া বিভিন্ন পরিষেবা ও প্রকল্পের জন্য পৃথক দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নিয়েও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।



