বুরুঙ্গায় ‘ডাকাতি’ ঘিরে রহস্য, ঘটনা জানেন না পাশের বাড়ির লোকজনও, তদন্তে পুলিশ

Spread the news

এস পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ ১১ জুলাই :
কাছাড়ের বুরুঙ্গায় নির্মীয়মাণ একটি স্থাপনায় কথিত ডাকাতির ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। সামাজিক ও সংবাদমাধ্যমে ডাকাতির খবর ছড়িয়ে পড়লেও স্থানীয়দের দাবি, ঘটনাস্থলের আশপাশের বাসিন্দারাও এমন কোনও ঘটনার বিষয়ে কিছুই জানতে পারেননি। পুলিশ সূত্রেও জানা গেছে, এখনও ডাকাতির কোনও মামলা রুজু হয়নি, তবে ঘটনার তদন্ত চলছে।

স্থানীয়দের প্রশ্ন, যে স্থাপনাটিকে ‘শোরুম’ বলা হচ্ছে, সেটির নির্মাণকাজ এখনও সম্পূর্ণ হয়নি এবং আনুষ্ঠানিক উদ্বোধনও হয়নি। সেখানে গত মঙ্গলবার রাতে আদৌ ডাকাতি হয়েছিল, নাকি অন্য কোনও ঘটনাকে ডাকাতির রূপ দেওয়া হয়েছে – তা নিয়েই এলাকায় শুরু হয়েছে জোর চর্চা। বিজেপি যুব মোর্চার মণ্ডল সদস্য বীরেন সিনহা অভিযোগ করেন, শান্ত বুরুঙ্গাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বদনাম করার চেষ্টা চলছে। বিষয়টি বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে জানানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে, প্রাক্তন সেনাকর্মী অজি উদ্দিন সংশ্লিষ্ট এক ব্যক্তির বিরুদ্ধে জমি সংক্রান্ত বিরোধের অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, স্ত্রীর কাছ থেকে বায়নাকৃত জমি এখনও রেজিস্ট্রি না হলেও সেটি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এবং অভিযুক্ত পক্ষের বক্তব্যও পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে তদন্ত চলছে। ফলে বুরুঙ্গার কথিত ‘ডাকাতি’ আসলে কী – তা স্পষ্ট হবে তদন্তের পরই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *