কেএ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ২৯ জুন : কাছাড় জেলার বাঁশকান্দি পুলিশ ফাঁড়ি এলাকায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে আলিপুর বস্তি এলাকার আলিপুর দ্বিতীয় খণ্ড গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। ঘটনায় বাবা ও মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ।
ধৃতদের নাম সমসুর উদ্দিন এবং তার কন্যা রবিনা বেগম। অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা বাড়ি থেকেই মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। শুধু স্থানীয় এলাকাই নয়, মাঝে-মধ্যেই রাজ্যের বাইরেও মাদক সরবরাহ করা হতো বলেও পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
অভিযান চলাকালীন পুলিশ তাদের বাড়ি থেকে মাদক পাচারে ব্যবহৃত AS-11K-5955 নম্বরের একটি স্কুটি, ২০০ ভায়াল হেরোইন এবং ৩১০টি নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও স্কুটি বাজেয়াপ্ত করার পাশাপাশি বাবা ও মেয়েকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং মাদক চক্রের বিস্তৃত নেটওয়ার্ক সম্পর্কে তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার নিয়ে উদ্বেগে থাকা স্থানীয় বাসিন্দারা পুলিশের এই অভিযানের প্রশংসা করেছেন। বিশেষ করে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করায় পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এলাকাবাসী।




