বরাক তরঙ্গ, ২৪ জুন : অম্বুবাচী মহাযোগ উপলক্ষে কামাখ্যা মন্দির ও সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা ব্যবস্থায় গাফিলতির অভিযোগে তিন আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে গুয়াহাটি পৌর নিগমের (জিএমসি) দুই কর্মী এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের এক কনিষ্ঠ প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার গৃহ নির্মাণ ও নগর পরিক্রমা দপ্তরের মন্ত্রী কৌশিক রায়ের আকস্মিক পরিদর্শনের সময় বিষয়টি ধরা পড়ে। অম্বুবাচী মেলাকে কেন্দ্র করে ভূতনাথ শ্মশান থেকে মা কামাখ্যা মন্দির পর্যন্ত পরিচ্ছন্নতা ব্যবস্থার খতিয়ে দেখতে সকালে পরিদর্শনে যান মন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন জিএমসির মেয়র মৃগেন শরণীয়া এবং কমিশনার চিন্ময় প্রকাশ ফুকন।
পরিদর্শনের সময় সংশ্লিষ্ট এলাকায় পরিচ্ছন্নতার মান ও দায়িত্বপ্রাপ্ত কর্মীদের উপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। সরকারি সূত্রের দাবি, নির্ধারিত দায়িত্ব পালনে গাফিলতি এবং মাঠপর্যায়ে তদারকির ঘাটতি তাঁর নজরে আসে।
এরপরই আব্দুল হোসেন, প্রদীপ শর্মা এবং শিবাশিস বরুয়ার বিরুদ্ধে সাময়িক বরখাস্তের নির্দেশ জারি করা হয়। পাশাপাশি জিএমসিতে সংলগ্নকরণে থাকা কনিষ্ঠ প্রকৌশলীর অ্যাটাচমেন্ট বাতিল করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও শুরু হয়েছে।



