১৯ জুন : পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ও এর সংলগ্ন সামরিক ঘাঁটিতে সশস্ত্র হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য, বেসামরিক নাগরিক এবং হামলাকারীরা রয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে নিয়ামের ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় একাধিক বিস্ফোরণ ও ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে সংঘর্ষ চলার পর নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হামলায় ১১ জন নিরাপত্তা সদস্য এবং দুইজন বেসামরিক নাগরিক নিহত হন। পরে নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে ২২ জন হামলাকারী নিহত হয়। এছাড়া কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ঘটনার পর বিমানবন্দর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ হামলার দায় এখনো কোনও গোষ্ঠী স্বীকার করেনি। তবে দেশটিতে সক্রিয় জঙ্গিগোষ্ঠীগুলোর সম্পৃক্ততার বিষয়ে সন্দেহ প্রকাশ করছে কর্তৃপক্ষ। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতেও একই বিমানবন্দরকে লক্ষ্য করে বড় ধরনের হামলা হয়েছিল। ওই হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেটের আঞ্চলিক শাখা।
কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার কয়েক ঘণ্টার মধ্যেই বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক করা হয়েছে। তবে সাম্প্রতিক এ হামলা নাইজারের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।



