জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৬ জুন : অসম স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি (ASACS)-এর উদ্যোগে এবং বরাক উপত্যকার তিন জেলার সমন্বিত এইচ আইভি, এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের কৌশল (DISHA) সংক্রান্ত মনোনীত অভিযোগ নিষ্পত্তি আধিকারিকদের (Nominated Complaint Officers) জন্য তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি মঙ্গলবার থেকে শ্রীভূমি জেলা আয়ুক্তের কনফারেন্স হলে শুরু হয়েছে।। এই প্রশিক্ষণ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল HIV/AIDS (Prevention & Control) Act, 2017-এর বিভিন্ন বিধান সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকদের অবহিত করা এবং HIV/AIDS আক্রান্ত ব্যক্তিদের অধিকার সুরক্ষা, বৈষম্য প্রতিরোধ ও কার্যকর অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়া সম্পর্কে তাঁদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি করা।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার রসিকা ইসলাম। তিনি তাঁর বক্তব্যে HIV/AIDS আক্রান্ত ব্যক্তিদের প্রতি বৈষম্যমুক্ত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি আইনটির যথাযথ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্ট আধিকারিকরা আরও দক্ষতার সঙ্গে তাঁদের দায়িত্ব পালন করতে সক্ষম হবেন এবং HIV/AIDS আক্রান্ত ব্যক্তিদের অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
প্রশিক্ষণ চলাকালীন HIV/AIDS সংক্রান্ত জাতীয় ও রাজ্য পর্যায়ের পরিস্থিতি, উচ্চ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণের হার, প্রতিরোধমূলক ব্যবস্থা, আইন অনুযায়ী অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির পদ্ধতি, গোপনীয়তা রক্ষার বিধান এবং HIV/AIDS আক্রান্ত ব্যক্তিদের প্রতি সংবেদনশীল ও মানবিক আচরণের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষজ্ঞ প্রশিক্ষকবৃন্দ অংশগ্রহণকারীদের বিভিন্ন বাস্তবধর্মী দৃষ্টান্তের মাধ্যমে আইনটির কার্যকর প্রয়োগ সম্পর্কে ধারণা প্রদান করেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার মনোনীত অভিযোগ নিষ্পত্তি আধিকারিকরা অংশগ্রহণ করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন যে, এই প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্ট আধিকারিকরা HIV/AIDS (Prevention & Control) Act, 2017-এর বিধানসমূহ আরও কার্যকরভাবে বাস্তবায়ন করতে সক্ষম হবেন এবং HIV/AIDS আক্রান্ত ব্যক্তিদের অধিকার ও মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।



