মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৩ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে শ্রীভূমিতে শুরু হয়েছে তিনদিনব্যাপী ‘বিকশিত ভারত’ বিশেষ প্রদর্শনী। শনিবার শহরের স্টেশন রোডে গঙ্গা ভাণ্ডারের সামনে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্যসভার সদস্য কণাদ পুরকায়স্থ।
শ্রীভূমি জেলা বিজেপির উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য হল গত ১২ বছরে দেশের উন্নয়ন, জনকল্যাণমূলক প্রকল্প এবং আত্মনির্ভর ভারত গঠনের বিভিন্ন পদক্ষেপ সাধারণ মানুষের সামনে তুলে ধরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার সভাপতি রবীন্দ্র দেব, জেলা বিজেপির নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।
উদ্বোধনের দিন সকাল থেকেই প্রদর্শনী প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবক-যুবতী, প্রবীণ নাগরিক ও সাধারণ দর্শনার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

প্রদর্শনীতে দেশের অবকাঠামোগত উন্নয়ন, রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ, ডিজিটাল বিপ্লব, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে পরিবর্তন, কৃষি উন্নয়ন, নারী ক্ষমতায়ন, যুব কল্যাণ এবং আত্মনির্ভর ভারত গঠনের বিভিন্ন উদ্যোগের তথ্যচিত্র ও আলোকচিত্র স্থান পেয়েছে। পাশাপাশি ফটো প্যানেল, গ্রাফিক উপস্থাপনা এবং তথ্যসমৃদ্ধ ব্যানারের মাধ্যমে গত ১২ বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ড দর্শনার্থীদের সামনে তুলে ধরা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা দাবি করেন, গত এক দশকেরও বেশি সময়ে দেশের উন্নয়নের ক্ষেত্রে এক নতুন অধ্যায় রচিত হয়েছে। গ্রামীণ উন্নয়ন, নগর পরিকাঠামো, স্বাস্থ্য পরিষেবা এবং ডিজিটাল প্রযুক্তির প্রসারে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে বলে তারা উল্লেখ করেন।

প্রদর্শনী ঘুরে দেখতে আসা বহু দর্শনার্থী জানান, এক ছাদের নিচে বিভিন্ন সরকারি প্রকল্প ও উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে জানার সুযোগ পেয়ে তারা উপকৃত হয়েছেন। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে প্রদর্শনীকে ঘিরে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।
এদিকে প্রদর্শনীর উদ্বোধনের পর শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে একটি নাগরিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করে কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনা এবং জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে মতবিনিময় করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী তিনদিন ধরে প্রদর্শনীর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, সচেতনতামূলক কর্মসূচি, জনসংযোগ অভিযান এবং নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভারও আয়োজন করা হয়েছে।



