বরাক উপত্যকার উন্নয়নে নতুন দিশা, কৃষ্ণেন্দু-জয়ন্ত বৈঠকে গুরুত্ব পেল সমন্বিত পরিকল্পনা

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১০ জুন : বরাক উপত্যকার সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্পগুলির অগ্রগতি ত্বরান্বিত করার লক্ষ্যে বুধবার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পাথারকান্দির তিনবারের বিধায়ক তথা জনস্বাস্থ্য কারিগরি, বরাক উপত্যকা উন্নয়ন এবং পার্বত্য অঞ্চল উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং রাজ্যের অর্থ, পরিবেশ ও বন, খনিজ ও খনিজ সম্পদ বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া।

সৌজন্যমূলক এই সাক্ষাতে বরাক উপত্যকার বর্তমান উন্নয়ন পরিস্থিতি, বিভিন্ন চলমান প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল উপত্যকার জনস্বার্থ সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে অবকাঠামোগত উন্নয়ন, উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবার সম্প্রসারণ, শিক্ষাক্ষেত্রের আধুনিকীকরণ এবং গ্রামীণ ও শহুরে এলাকার উন্নয়নে দ্রুত পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

বৈঠকে মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া রাজ্যের উন্নয়ন পরিকল্পনায় বরাক উপত্যকার বিশেষ গুরুত্বের কথা উল্লেখ করেন। তিনি পরিবেশ সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহারের মাধ্যমে দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করার ওপর জোর দেন। তাঁর মতে, উন্নয়ন ও পরিবেশ রক্ষার মধ্যে ভারসাম্য বজায় রেখে পরিকল্পনা বাস্তবায়ন করা সময়ের দাবি।

এছাড়াও প্রশাসনিক সেবার কার্যকারিতা বৃদ্ধি, পরিবেশবান্ধব উন্নয়ন প্রকল্প গ্রহণ, খনিজ সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়। দুই মন্ত্রীই মত প্রকাশ করেন যে, বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি পেলে বরাক উপত্যকার উন্নয়ন আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে।

বৈঠক শেষে উভয় মন্ত্রী ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে উন্নয়নমূলক প্রকল্পগুলির সফল বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন। রাজনৈতিক ও প্রশাসনিক মহলের মতে, বরাক উপত্যকার উন্নয়নকে নতুন মাত্রায় পৌঁছে দিতে এই বৈঠক একটি তাৎপর্যপূর্ণ ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *