৮ জুন : অসাধারণ সাহসিকতা ও বীরত্বের স্বীকৃতিস্বরূপ অসমের দুই কৃতী সন্তান মেজর ভাৰ্গব কলিতা এবং সেনা ধ্রুবজ্যোতি দত্তকে দেশের অন্যতম সম্মানজনক বীরত্ব পদক ‘শৌর্য চক্র’ প্রদান করা হয়েছে। সোমবার রাষ্ট্রপতি দেশের সেবায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর একাধিক সাহসী জওয়ান ও কর্মকর্তাকে এই সম্মানে ভূষিত করেন।
নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত ‘ডিফেন্স ইনভেস্টিচার সেরিমনি-২০২৬’-এর প্রথম পর্বে প্রতিরক্ষা বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ বাহিনীর সদস্যদের হাতে বীরত্ব ও সেবামূলক পুরস্কার তুলে দেওয়া হয়।
এবারের সম্মানপ্রাপ্তদের তালিকায় স্থান পান অসমের মেজর ভাৰ্গব কলিতা এবং সেনা ধ্রুবজ্যোতি দত্ত। সন্ত্রাসবাদবিরোধী অভিযানে অসামান্য সাহস, বিচক্ষণতা ও কর্তব্যনিষ্ঠার পরিচয় দিয়ে তাঁরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করেন।
কর্তব্য পালনের সময় তাঁদের অসাধারণ বীরত্ব, অদম্য মনোবল এবং দেশের নিরাপত্তার প্রতি নিবেদিতপ্রাণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতির হাত থেকে তাঁরা ‘শৌর্য চক্র’ গ্রহণ করেন। এই সম্মান লাভে সমগ্র অসম গর্বিত ও আনন্দিত বলে বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
রাজ্যের দুই বীর সন্তানকে এই মর্যাদাপূর্ণ সম্মানে ভূষিত করায় সর্বত্র শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার দেখা গেছে। তাঁদের এই সাফল্য দেশের যুবসমাজের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।



