৭ জুন : ফের আমজনতার হেঁশেলে কোপ। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অগ্নিমূল্যের দোহাই দিয়ে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম (Cooking Gas)। আজ থেকে ১৪.২ কেজির ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ২৯ টাকা (Domestic LPG Price Hike)। গত তিন মাসে এটি দ্বিতীয়বার মূল্যবৃদ্ধি, যা মধ্যবিত্তের পকেটে বড়সড়ো টান ফেলতে চলেছে। সেই সঙ্গে ৫ কেজির ছোট সিলিন্ডারের দামও বেড়েছে ১০.৫০ টাকা।
পশ্চিম এশিয়ার বর্তমান অস্থির পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে এলপিজি-র দাম আকাশছোঁয়া। সরকারি তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে সৌদি অ্যারামকোর বেঞ্চমার্ক প্রাইস ছিল টন প্রতি ৫২২ ডলার, যা এপ্রিলের সংকটের পর বেড়ে দাঁড়িয়েছে ৭৭৫ ডলারে। এর ফলে ভারতের মতো আমদানিনির্ভর দেশে জ্বালানি ব্যয় বহুগুণ বেড়েছে। পেট্রোলিয়াম মন্ত্রকের দাবি, প্রতিটি সিলিন্ডার সরবরাহে সরকারের প্রকৃত খরচ প্রায় ১,৬০০ টাকা। তেল বিপণনকারী সংস্থাগুলি প্রতি সিলিন্ডারে এখনও ৬০০ থেকে ৭০০ টাকা লোকসান গুনছে।



