বরাক তরঙ্গ, ৬ জুন : প্রেমের পবিত্র সম্পর্ককে কলঙ্কিত করে ডিমরিয়ায় সংঘটিত হয়েছে এক নৃশংস হত্যাকাণ্ড। প্রেমিকের প্রতি অন্ধ বিশ্বাসই শেষ পর্যন্ত প্রাণ কেড়ে নিল এক তরুণীর। ১ নম্বর ঔজারী গ্রামের বাসিন্দা তরুণীকে নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠেছে তার প্রেমিক বিপুল মল্লিকের (২২) বিরুদ্ধে। এই ঘটনায় সমগ্র এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গত ৪ জুন সন্ধ্যায় ডিমরিয়ার একটি নির্জন মাঠ থেকে ক্ষতবিক্ষত ও রক্তাক্ত অবস্থায় সুস্মিতা মণ্ডলের মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে ক্ষেত্রী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তন্ময় নাথের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওইদিন সন্ধ্যায় বিপুল মল্লিক কৌশলে তরুণীকে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্জন স্থানে যায়। অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে সেখানে ধারালো অস্ত্র দিয়ে তরুণীর শরীরে পরপর ১৭ থেকে ১৮টি আঘাত করা হয়। পরে গলা কেটে তাকে হত্যা করে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
হত্যাকাণ্ডের পর বিপুল মল্লিক গুয়াহাটিতে আত্মগোপন করে। তবে ক্ষেত্রী পুলিশের তৎপরতায় ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পরও অভিযুক্তের মধ্যে অনুতাপের কোনও লক্ষণ দেখা যায়নি।
নিহতের বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে ক্ষেত্রী থানায় ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১) ধারায় (হত্যা) মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত অভিযুক্তকে আদালতে হাজির করা হবে এবং ঘটনার আরও তদন্ত চলছে।
এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সুস্মিতার পরিবার ও এলাকাজুড়ে। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবিতে শনিবার দুপুরে স্থানীয় বাসিন্দারা ক্ষেত্রী থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। পাশাপাশি, হত্যাকাণ্ডে অভিযুক্তের পরিবারের অন্য সদস্যদেরও জড়িত থাকার অভিযোগ তুলে তাঁদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
পুলিশ অবশ্য জানিয়েছে, সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



