কে এ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ৬ জুন : কাছাড় জেলার লক্ষীপুর পুলিশ মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করেছে। সিডিএসপি পৃথ্বীরাজ রাজখোঁয়া এবং বাঁশকান্দি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিপন শুক্লবৈদ্যের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রথমে প্রায় ৬০ লক্ষ টাকা মূল্যের ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ধৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও ২ কুইন্টাল ৪০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ ৩৭ নম্বর জাতীয় সড়কের বাঁশকান্দি এমভি স্কুল সংলগ্ন এলাকায় একটি বৈদ্যুতিক অটোরিকশায় তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ছয়টি সিল করা প্যাকেট থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
ধৃতরা হলেন পাওনা সিংহ (৫৫), মণিপুরের ইম্ফল পূর্ব জেলার কাংলা গ্রামের বাসিন্দা এবং রাজীব সিংহ, কাছাড় জেলার ধলাই থানার অন্তর্গত সুন্দরী গ্রামের বাসিন্দা। পুলিশ তাদের কাছ থেকে গাঁজাভর্তি প্যাকেট, এএস-১১ এফসি-৯৪৫৯ নম্বরের একটি বৈদ্যুতিক অটোরিকশা এবং দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে।
পরবর্তীতে ধৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে কচুদরম ও ধলাই থানা সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে আরও ২ কুইন্টাল ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ফলে উদ্ধার হওয়া গাঁজার মোট পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৪০ কেজি।
পুলিশের প্রাথমিক অনুমান অনুযায়ী, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ গাঁজার বাজারমূল্য ২ কোটিরও বেশি। এ ঘটনায় এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে লক্ষীপুর পুলিশ। মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যদের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



