বরাক তরঙ্গ, ৬ জুন : বিশ্ব পরিবেশ দিবস। সমগ্র বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে কাছাড় জেলাতেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বিশেষ দিনটি উদযাপন করা হয়েছে। তবে বরাক উপত্যকার ভৌগোলিক ও সাম্প্রতিক পরিস্থিতিকে মাথায় রেখে এবার সম্পূর্ণ ভিন্ন এবং অত্যন্ত সময়োপযোগী এক আঙ্গিকে বিশ্ব পরিবেশ দিবস পালন করল শিলচরের অন্যতম সামাজিক ও বিজ্ঞান মনস্ক সংস্থা সাইন্স ট্রায়াল অর্গানাইজেশন। শুক্রবার, এই সংস্থার উদ্যোগে এবং স্থানীয় পিএম শ্রী সাতকরাকান্দি হাইস্কুল এর সক্রিয় সহযোগিতায় কাছাড় জেলার সাতকরাকান্দিতে দিনভর বিভিন্ন সচেতনতামূলক ও গঠনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বরাক উপত্যকার বন্যা পরিস্থিতি ও মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে এদিনের মূল আকর্ষণ ছিল একটি বিশেষ কর্মশালা। কর্মশালার মূল বিষয়বস্তু ছিল বন্যা কবলিত এলাকায় রন্ধনবিহীন খাদ্য, সংরক্ষণ এবং পরিত্রাণ ব্যবস্থা। প্রাকৃতিক দুর্যোগের সময়ে যখন উনুন জ্বালার পরিস্থিতি থাকে না, তখন কীভাবে শুকনো বা রান্না ছাড়া খাদ্যসামগ্রী দীর্ঘ সময় ভালো রাখা যায় এবং আপদকালীন সময়ে কীভাবে নিজেদের সুরক্ষিত রাখা সম্ভব, তা অত্যন্ত সহজ ভাষায় সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। এই গুরুত্বপূর্ণ কর্মশালাটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেন বিশিষ্ট প্রশিক্ষক তথা সাইন্স ট্রায়াল অর্গানাইজেশন এর প্রাক্তন সাধারণ সম্পাদক অনিল পাল ও এনসিএসসি-র কাছাড় জেলার কার্যকরী সভাপতি রাজীব হোসেন চৌধুরী।
কর্মশালার পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে একটি আকর্ষণীয়। পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপর এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি রূপায়িত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিএম শ্রী সাতকরাকান্দি হাইস্কুলের প্রধান শিক্ষক আহমদ হোসেন বড়লস্কর। সভায় তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন বিশিষ্ট বক্তা ঋষিকেশ দে।



