৬ জুন : ভারতের ‘যথার্থ’ বন্ধু রাশিয়া। তা বারবার বুঝিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। আগেই প্রেসিডেন্ট সতর্ক করে দিয়েছেন, ভারতের উপর অহেতুক চাপ সৃষ্টি করা হলে, তা বিশ্বের জন্য খুব একটা সুখকর হবে না। এবার আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) নেতৃত্বের ভূয়সী প্রশংসা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর কথায়, ভারত একটি সার্বভৌম দেশ এবং নিজের জাতীয় স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নিতে সক্ষম। তাই, ভারতের উপর কোনও নিষেধাজ্ঞা নিয়ে চাপ সৃষ্টি করা হলে, তার ফল উল্টো হবে। মোদীর নেতৃত্বে তা বুমেরাং হতে পারে।
সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরাম (SPIEF)-এ ভারত-রাশিয়ার সম্পর্ককে তুলে ধরেন পুতিন। তাঁর কথায়, ভারত বরাবরই স্বাধীন বিদেশনীতি অনুসরণ করেছে। কোনও আন্তর্জাতিক চাপের কাছে মাথা নত না করে নিজের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে নয়াদিল্লি। উল্লেখ্য, রাশিয়ার সঙ্গে ভারতের সুসম্পর্ককে মোটেই ভালো চোখে দেখেন না আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার থেকে তেল কেনায় নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকাই। যদিও তাতে রাশিয়া ও ভারতের সম্পর্কে প্রভাব পড়েনি। এরই মধ্যে সম্প্রতি, ভারতের উপর আবারও শুল্ক বাণ ছুড়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।
তবে, পুতিনের কথায়, কোনও চাপ, কোনও হুঁশিয়ারি ভারতকে দমিয়ে রাখতে পারবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রশংসা করে পুতিন বলেন, “ভারত সবসময়ই একটি সার্বভৌম দেশ হিসেবে কাজ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতকে নিষেধাজ্ঞার হুমকি বুমেরাং হয়ে ফিরে আসবে। ভারত নিজের স্বার্থকে সবার আগে রাখে।”



