৬ জুন : সদ্যই কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডিকে শিবকুমার। গঠন করেন নতুন মন্ত্রিসভাও। তবে দায়িত্ব নেওয়ার শুরুতেই ধাক্কা খেলেন শিবকুমার। পদত্যাগ করেন সেই রাজ্যের এক মন্ত্রী। দপ্তর বণ্টন নিয়ে অসন্তুষ্ট হয়েই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন রামলিঙ্গা রেড্ডি (Ramalinga Reddy)। শুক্রবারই পদত্যাগ করেছেন তিনি। সূত্রের খবর, দপ্তর বণ্টন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আরও কয়েক জন মন্ত্রীও। তবে এই নিয়ে বড় কোনও সমস্যা হবে না বলে দাবি করেছেন শিবকুমার। সমস্যা মিটে যাবে বলেও জানিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী।
গত বুধবার কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শিবকুমার। তাঁর সঙ্গেই মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন আরও ১৩ জন। বৃহস্পতিবার রাতে দায়িত্ব বন্টন করেন শিবকুমার। রামলিঙ্গা রেড্ডিকে দেওয়া হয় সেচ মন্ত্রকের দায়িত্ব। এই নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। মন্ত্রক পছন্দ না হওয়ার কারণে শুক্রবারই পদত্যাগ করেছেন রামলিঙ্গা রেড্ডি।
প্রসঙ্গত, রামালিঙ্গা রেড্ডি ৮ বারের বিধায়ক। তিনি কর্নাটকের একজন সিনিয়র কংগ্রেস নেতাও। অতীতে পুলিশ দপ্তরও সামলেছেন তিনি। তাঁর দাবি, তিনি বেঙ্গালুরু উন্নয়ন দপ্তরের দায়িত্ব নিতে চেয়েছিলেন। ওই মন্ত্রকের দায়িত্ব তাঁকে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন শিবকুমার (DK Shivakumar) বলেও দাবি তাঁর। কিন্তু তাঁকে দেওয়া হয় সেচ মন্ত্রক। এই নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন রামালিঙ্গা রেড্ডি। সেই কথা জানিয়েই ডিকে শিবকুমারের মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
কী কারণে এই পদত্যাগ তাও জানিয়েছেন রামালিঙ্গা রেড্ডি। তিনি জানিয়েছেন, ২০২৩ সাল থেকেই বেঙ্গালুরু উন্নয়ন দপ্তরের দায়িত্ব নেওয়ার কথা বলে এসেছেন তিনি। শিবকুমার মুখ্যমন্ত্রী হওয়ার আগে ওই দপ্তরটি তাঁকে দেওয়া হবে বলে প্রতিশ্রুতিও দেন। কিন্তু তা হয়নি। তবে কারোর ওপর তাঁর রাগ নেই বলেও জানিয়েছেন তিনি। দাবি মতো দপ্তর না পেতে হতাশ হয়েই এই সিদ্ধান্ত বলেপ জানিয়েছেন রামলিঙ্গা। তিনি বলেন, ‘ডিকে আমাকে একদিন আগেও বেঙ্গালুরু উন্নয়ন দপ্তর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।তাই আমি অন্য কোনও দপ্তরে কাজ করতে পারব না। সাধারণ বিধায়ক হিসাবে কাজ করব।’ শিবকুমার বা অন্য কারোর ওপর ক্ষুব্ধ নন বলেও জানিয়েছেন তিনি।
সূত্রের খবর, পছন্দসই দপ্তর না পেয়ে ক্ষোভ জানিয়েছেন কর্নাটকের আরও কয়েক জন মন্ত্রী। তবে যাবতীয় সমস্যা মিটে যাবে বলে আশবাদী শিবকুমার।



