বরাক তরঙ্গ, ৫ জুন : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। শুক্রবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ, পোস্টার প্রতিযোগিতা ও স্লোগান প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারের পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিল— “প্রকৃতি থেকে অনুপ্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য”।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বয়েজ হোস্টেল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় পোস্টার ও স্লোগান প্রতিযোগিতা। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স বিভাগও পৃথকভাবে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপিকা মৈত্রেয়ী ভট্টাচার্য এবং সভাপতিত্ব করেন ডিন অব স্টুডেন্টস ওয়েলফেয়ার (ডিএসডব্লিউ) ড. জয়দীপ পাল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, নিবন্ধক ড. বিদ্যুৎকান্তি পাল, শৈক্ষিক নিবন্ধক ড. অভিজিৎ নাথ, ডিএসডব্লিউ ড. জয়দীপ পাল, ফিন্যান্স অফিসার ড. রণবিজয় দাশ, ড. চন্দন পাল চৌধুরী, উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক-শিক্ষিকা এবং ইকোলজি ও এনভায়রনমেন্ট সায়েন্স বিভাগের অধ্যাপক-অধ্যাপিকারা।
এছাড়াও বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মৃদুল মোহন দাস বিশ্ব পরিবেশ দিবস পালনের তাৎপর্য ব্যাখ্যা করেন। তিনি পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
এদিন পৃথিবীর পরিবেশ পুনরুদ্ধার, প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ, দূষণ হ্রাস, সবুজ ভবিষ্যৎ নির্মাণ এবং জীববৈচিত্র্য রক্ষার অঙ্গীকার গ্রহণ করা হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



