অসম মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সরকারি কর্মীদের ডিএ ২ শতাংশ বৃদ্ধি

Spread the news

বরাক তরঙ্গ, ৫ জুন : অসম সরকারের মন্ত্রিসভার বৈঠকে আজ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিক সম্মেলনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘোষণা করেন।

মুখ্যমন্ত্রী জানান, মন্ত্রীদের দপ্তর বণ্টন তাঁদের দক্ষতা ও কর্মক্ষমতার মূল্যায়নের ভিত্তিতে করা হবে। পাশাপাশি আগামীকালের মধ্যেই জেলা ভিত্তিক “অভিভাবক মন্ত্রী” নিয়োগ করা হবে বলেও তিনি জানান।

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর এনে মন্ত্রিসভা মহার্ঘ ভাতা (ডিএ) ২ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে রাজ্য সরকারি কর্মচারীরা এখন থেকে ৬০ শতাংশ ডিএ পাবেন।

মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন যে আগামী ৬ জুলাই থেকে অসম বিধানসভার পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন শুরু হবে। ২১ দিনব্যাপী এই অধিবেশনে রাজ্যের বাজেট উপস্থাপন করা হবে। এছাড়াও আগামী ১ আগস্ট থেকে রাজ্যের বাসিন্দারা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন বলে তিনি জানান।

ডিব্রুগড়কে রাজ্যের দ্বিতীয় রাজধানী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে “ডিব্রুগড় দ্বিতীয় রাজধানী উন্নয়ন পরিষদ” গঠন করা হবে। মুখ্যমন্ত্রীর মতে, এই পরিষদের চেয়ারম্যান হবেন বিধায়ক প্রশান্ত ফুকন। উন্নয়নমূলক কাজের জন্য ৫০০ কোটি টাকা ব্যয় করা হবে এবং ডিব্রুগড় শহরের ২০ কিলোমিটার ব্যাসার্ধকে দ্বিতীয় রাজধানী এলাকা হিসেবে নির্ধারণ করা হবে। পরিষদের দায়িত্বপ্রাপ্ত বিধায়ক প্রশান্ত ফুকন মন্ত্রিসভার মর্যাদা লাভ করবেন।

অন্যদিকে, বিধায়কদের কেন্দ্র উন্নয়ন তহবিলও বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে যেখানে এই তহবিলের পরিমাণ ছিল ১ কোটি টাকা, সেখানে তা বাড়িয়ে দেড় কোটি টাকা করা হবে। মুখ্যমন্ত্রী জানান, আগামী বছরের এপ্রিল মাসের পর থেকে প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য ২ কোটি টাকা বরাদ্দ করা হবে। এর মধ্যে ১ কোটি ৮০ লক্ষ টাকা উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে এবং ২০ লক্ষ টাকা অন্যান্য খাতে ব্যবহার করা যাবে। পাশাপাশি বিদ্যালয়ে পাখা স্থাপন ও শিক্ষার্থীদের সহায়তার জন্য এই তহবিলের ১০ শতাংশ ব্যয় করার ব্যবস্থাও রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *