৫ জুন : লেবাননের দক্ষিণাঞ্চলীয় ঐতিহাসিক বুফোর্ট দুর্গের কাছে একটি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আজ এক বিবৃতিতে গোষ্ঠীটি এ তথ্য নিশ্চিত করেছে।
হিজবুল্লাহ জানায়, কালাত আল-শাকিফ শহরের উপকণ্ঠে বুফোর্ট দুর্গের কাছাকাছি এলাকায় তারা হামলাটি চালায়। ট্যাঙ্ক ধ্বংস করার পাশাপাশি ওই এলাকায় সদ্য স্থাপিত ইজরায়েলি সামরিক বাহিনীর একটি লজিস্টিক সাপোর্ট সেন্টার বা রসদ সরবরাহ কেন্দ্রকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে তারা।
উল্লেখ্য, হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযানের অংশ হিসেবে মাত্র তিন দিন আগে লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিহ শহরের কাছে অবস্থিত এই কৌশলগত ও প্রতীকী দুর্গটির নিয়ন্ত্রণ নেয় ইসরায়েলি বাহিনী। তবে দুর্গটি দখলের পর থেকেই হিজবুল্লাহর ড্রোন ও চোরাগোপ্তা হামলায় বেশ কয়েকজন ইজরায়েলি সেনা নিহত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।



