এটি শুধু একটি পদ নয়, জনগণের সেবায় নিজেকে আরও নিবেদিত করার এক মহৎ দায়িত্ব : কৃষ্ণেন্দু

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৪ জুন : অসম সরকারের মন্ত্রিসভায় দ্বিতীয়বারের মতো কেবিনেট মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর আবেগঘন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। নতুন দায়িত্ব গ্রহণের পর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং বিজেপির শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্ত্রী হিসেবে পুনর্নিয়োগের পর কৃষ্ণেন্দু পাল বলেন, এই দায়িত্ব তাঁর কাছে শুধুমাত্র একটি সাংবিধানিক পদ নয়, বরং জনগণের সেবায় নিজেকে আরও নিবেদিত করার এক মহৎ সুযোগ। তিনি জানান, দলের শীর্ষ নেতৃত্ব তাঁর ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তা তাঁকে আরও দায়বদ্ধ করে তুলেছে। তিনি বলেন, “আজকের দিনটি আমার রাজনৈতিক জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সম্মান ব্যক্তিগত অর্জন নয়, বরং পাথারকান্দি ও অসমবাসীর ভালোবাসা, বিশ্বাস এবং আশীর্বাদের প্রতিফলন। জনগণের প্রত্যাশা পূরণে আমি সর্বশক্তি নিয়োগ করে কাজ করে যাব।”

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অসমে যে উন্নয়নের ধারা শুরু হয়েছে, তা আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন কৃষ্ণেন্দু পাল। অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, শিল্পায়ন, কর্মসংস্থান এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সক্রিয় ভূমিকা পালনের আশ্বাস দেন তিনি।

বিশেষভাবে যুবসমাজের প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে সরকার যে উদ্যোগ নিয়েছে, তা বাস্তবায়নে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন। পাশাপাশি কৃষি, ক্ষুদ্র উদ্যোগ ও স্বাস্থ্য পরিষেবার উন্নয়নেও গুরুত্ব দেওয়া হবে।

পাথারকান্দির মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কৃষ্ণেন্দু পাল বলেন, তাঁদের সমর্থনই তাঁর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় শক্তি। নতুন দায়িত্ব নিয়ে সততা, স্বচ্ছতা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করে উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভর অসম গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তাঁর পুনর্নিয়োগে পাথারকান্দি ও বরাক উপত্যকা জুড়ে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *