ট্র্যাভেলার বাসের ধাক্কায় গৃহবধূর মৃত্যু বাজারিছড়ায়

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৪ জুন : শ্রীভূমি জেলার বাজারিছড়া থানার অন্তর্গত অসম-ত্রিপুরা ৮ নম্বর জাতীয় সড়কের সলগই এলাকায় বৃহস্পতিবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক গৃহবধূ। দ্রুতগতির একটি ট্র্যাভেলার বাসের ধাক্কায় ঘটনাস্থলে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝেরঝেরি গ্রামের বাসিন্দা নুর উদ্দিনের স্ত্রী সুলতানা বেগম (৪০) বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ তাঁর দুই সন্তানকে সঙ্গে নিয়ে পেঁচারঘাট গ্রামের এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে রওনা হন। সলগই বাজার সংলগ্ন ডেঙ্গারবন্দ পাবলিক এমই স্কুলের কাছে একটি অ্যাপি গাড়ি থেকে নামার পর জাতীয় সড়ক পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

অভিযোগ, পাথারকান্দি থেকে লোয়াইরপোয়া অভিমুখে যাওয়া এএস-০৩-এসি-৭৪০০ নম্বরের একটি ট্রেভেলার বাস দ্রুতগতিতে এসে সুলতানা বেগমকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার ফলে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর জখম হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে মাকুন্দা লেপ্রসি কাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

খবর পেয়ে বাজারিছড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। দুর্ঘটনায় জড়িত ট্র্যাভেলার বাসটি বাজেয়াপ্ত করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীভূমি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *