বরাক তরঙ্গ, ৪ জুন : শ্রীভূমির বরাক ভ্যালি ইঞ্জিনিয়ারিং কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও অধ্যাপক ড. কৃষ্ণলাল বৈষ্ণব। তিনি।এনআইটি শিলচরের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। গত ২৯ মে আনুষ্ঠানিকভাবে শ্রীভূমি জেলার এই প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠানে যোগদান করেন। শিক্ষাদান, গবেষণা এবং অ্যাকাডেমিক প্রশাসনের ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী ড. বৈষ্ণব এনআইটি শিলচরে কর্মরত অবস্থায় বিভাগের উন্নয়ন, শিক্ষার্থীদের অ্যাকাডেমিক পরামর্শ এবং প্রতিষ্ঠানের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
শিক্ষা মহলের মতে, বরাক ভ্যালি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ পদে তাঁর নিয়োগ বরাক উপত্যকায় কারিগরি শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনের ক্ষেত্রে নতুন সাফল্য অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। কলেজের শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীরা নতুন অধ্যক্ষকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। তাঁরা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার মান বৃদ্ধিতে ড. বৈষ্ণবের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছেন।

দায়িত্ব গ্রহণের পর ড. বৈষ্ণব বলেন, শিক্ষার গুণগত মান আরও উন্নত করা, শিল্পক্ষেত্রের সঙ্গে সহযোগিতা জোরদার করা এবং শিক্ষার্থীকেন্দ্রিক আধুনিক শিক্ষার পরিবেশ গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনমুখী কর্মকাণ্ডকে আরও উৎসাহিত করার প্রতিও তিনি গুরুত্বারোপ করেন।



