বরাক তরঙ্গ, ৩ জুন : অসম রাজ্য বিদ্যুৎ পর্ষদ (এএসইবি) এবং এর উত্তরসূরি সংস্থাগুলি—এপিডিসিএল, এইজিসিএল ও এপিজিসিএল-এর অবসরপ্রাপ্ত কর্মচারীদের সংগঠন এএসইবি পেনশনার্স অ্যাসোসিয়েশন অবসরপ্রাপ্ত কর্মীদের সংগঠনের আজীবন সদস্য হিসেবে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে। সংস্থার পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিষ্ঠালগ্ন থেকেই অ্যাসোসিয়েশনটি পেনশনভোগীদের অধিকার রক্ষা, বিভিন্ন সমস্যা সমাধান এবং তাদের ন্যায্য দাবিদাওয়া আদায়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি কল্যাণ তহবিল গঠন করে অসহায় ও বিপন্ন সদস্যদের বিভিন্ন জনকল্যাণমূলক সেবাও প্রদান করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আসামের বিভিন্ন প্রান্তে বসবাসকারী বহু অবসরপ্রাপ্ত কর্মী নানা কারণে এখনও সংগঠনের সদস্য হতে পারেননি। পেনশনভোগীদের বৃহত্তর স্বার্থ রক্ষা এবং সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিদ্যুৎ পর্ষদের ওল্ড পেনশন স্কিম (ওপিএস) ও নিউ পেনশন স্কিম (এনপিএস)-এর অধীনে অবসরপ্রাপ্ত সকল কর্মচারীকে এএসইবি পেনশনার্স অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
সদস্যভুক্তির জন্য সংশ্লিষ্ট শাখা সমিতির সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। কোনও কারণে শাখা সমিতির সঙ্গে যোগাযোগ সম্ভব না হলে, সরাসরি সংগঠনের সাধারণ সম্পাদক অমুল্য মহন্ত (৯৮৬৪১-৩৪১৭১) অথবা মুখ্য সাংগঠনিক সম্পাদক দীপক কুমার সাহা (৯৮৬৪৪-৪৮০৩৩)-এর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে।
এদিকে, বরাক উপত্যকা জোনেল কমিটির সভাপতি নির্মল কুমার দাস এবং মুখ্য সাংগঠনিক সম্পাদক দীপক কুমার সাহা সংবাদমাধ্যমের মাধ্যমে এই আহ্বান সর্বস্তরের অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।



