বরাক তরঙ্গ, ২ জুন : রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক ও প্রখ্যাত লেখিকা মৃণালিনী দেবীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন সাপ্তাহিক পত্রিকা ‘যুব দর্পণ’-এর কর্ণধার দিলু দাস। এ উপলক্ষে মৃণালিনী দেবীর সাহিত্য ও সমাজজীবনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁর হাতে ‘যুব দর্পণ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে দিলু দাসের সঙ্গে ছিলেন যুব দর্পণ’ এর সাব-এডিটর তরালি দেবী, শিলচরে সমাজকর্মী তথা সঙ্গীত শিল্পী মুনমুন সাহা, শ্রীভূমির সমাজকর্মী ও শিক্ষিকা মিতালি দাস।
সাক্ষাৎকালে মৃণালিনী দেবী অত্যন্ত আন্তরিকতা ও সৌহার্দ্যের সঙ্গে সকলের সঙ্গে মতবিনিময় করেন। রাজ্যের গুরুত্বপূর্ণ নেতৃত্বের সঙ্গে পারিবারিকভাবে যুক্ত থাকা সত্ত্বেও তাঁর বিনয়ী, সহজ-সরল ও মানবিক আচরণ উপস্থিত সকলকে মুগ্ধ করে।

আলোচনার এক পর্যায়ে তিনি জানান, ‘যুব দর্পণ’-এ তাঁর লেখা প্রকাশিত হওয়ায় তিনি আনন্দিত। পত্রিকাটির সাহিত্যচর্চা ও সমাজমুখী উদ্যোগের ভূয়সী প্রশংসাও করেন তিনি। তাঁর এই শুভেচ্ছা ও ইতিবাচক মনোভাবকে পত্রিকার জন্য এক বিশেষ প্রাপ্তি বলে উল্লেখ করেন দিলু দাস।
দিলু দাস বলেন, “মৃণালিনী দেবীর মতো একজন গুণী ও সম্মানিত ব্যক্তিত্বের সান্নিধ্য, আশীর্বাদ এবং মূল্যবান পরামর্শ আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।” তিনি এ জন্য বিশিষ্ট সাহিত্যিকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।



