মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২ জুন : শ্রীভূমি জেলার কালীগঞ্জ অঞ্চলের মধ্য গুয়াসপুর গ্রামে হৃদয়বিদারক ঘটনা ঘটল। জলাশয়ে ডুবে মৃত্যু ঘটে আট বছর বয়সীএক শিশুর। মঙ্গলবার দুপুর আনুমানিক দেড়টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।।মৃত শিশুর নাম মোঃ জিসান।
পারিবারিক সূত্রে জানা গেছে, মধ্য গুয়াসপুর গ্রামের বাসিন্দা কাউসার আহমেদের ছেলে জিসান এদিন দুপুরে বাড়ির উত্তর প্রান্তে অবস্থিত একটি জলাশয়ের ধারে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। খেলা শেষে অন্য শিশুরা বাড়ি ফিরে এলেও জিসান আর ফিরে না আসায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা ওই জলাশয়ে তল্লাশি চালিয়ে জিসানকে উদ্ধার করেন। অচৈতন্য অবস্থায় তাকে দ্রুত কালীগঞ্জ মিনি পিএইচসি-তে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুসলিম উদ্দিন আহমদ শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে প্রয়োজনীয় তদন্ত প্রক্রিয়া শুরু করে। পরবর্তীতে কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জের উপস্থিতিতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শ্রীভূমি অসামরিক হাসপাতালে পাঠানো হয়।
এই হৃদয়বিদারক ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের আবহ বিরাজ করছে। স্থানীয়দের মতে, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে জলাশয় সংলগ্ন এলাকায় আরও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।



